দ্বিতীয় দফার ভোটের দিন শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে ভেসে আসছে মিশ্র ছবি—কোথাও ইভিএম বিভ্রাটে ভোটে দেরি, কোথাও সংঘর্ষের অভিযোগ, আবার কোথাও রাজনৈতিক নেতাদের তোপে উত্তপ্ত পরিস্থিতি। সকাল গড়াতেই পরিষ্কার, এবারের ভোট শুধুই ব্যালটের লড়াই নয়, মাটিতেও সমান তীব্র সংঘাত।
১। ভোট ঘিরে উত্তেজনা, হুমকির অভিযোগে তৃণমূল কর্মীদের তাড়া করে গ্রামছাড়া আইএসএফ


২। ভোটের শুরুতেই অশান্তি নানা জায়গায়। কারণ, ইভিএম-বিভ্রাট! যান্ত্রিক ত্রুটির জন্য উত্তেজনা ছড়ায় হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের ডন বসকো স্কুলে।
৩। করিমপুর বিধানসভার চরমুক্তারপুরের ৬১ নম্বর বুথে রাজ্য পুলিশের এক কর্মীর বিরুদ্ধে তৃণমূলের হয়ে দেওয়ার আবেদন করার অভিযোগ।
৪। বৃষ্টি উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। বেশির ভাগ ভোটারের মাথায় ছাতা নেই। ভিজেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন।


৫। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁর বোনকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন।
৬। জেলা পরিষদের সদস্যার স্বামী এবং তৃণমূল নেতা মতিউর রহমানকে আটক করল দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ।
৭। ভুয়ো এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির খানাকুলের রাজহাটি-১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে। বুথের সামনেই আইএসএফ-তৃণমূল হাতাহাতি।
৮। বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা! ভাঙচুর চালানো হল গাড়িতে। বাসন্তী ৭৬ নম্বর বুথে এই ঘটনা ঘটে।
৯। ভোটের আবহে ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় পৌঁছোতেই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
১০। মেশিন খারাপ ছিল, তাই ভোট দিতে পারলেন না তৃণমূলের বিদায়ী বিধায়ক চিরঞ্জিৎ। স্ত্রীকে নিয়ে ফিরে গেলেন চারুচন্দ্র কলেজ থেকে।
১১। ৭০ নম্বর ওয়ার্ড, ভবানীপুরের চক্রবেড়িয়ার একটি বুথে আগে থেকে বসেছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে যায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কনভয়ও। যদিও সৌজন্য বিনিময় করেননি কেউ।
১২। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে অভিষেক অভিযোগ করেন নানা জায়গায় হুমকি, হুঁশিয়ারি দিয়ে ভোট করানো হচ্ছে।
১৩। কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে ২৯ নম্বর বুথে বহিরাগত ভোটার এনে ভোট করানোর চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট দিতে এসে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি।
১৪। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের বুথের ভেতর অবৈধ জমায়েতের অভিযোগ। এই নিয়ে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বরাহনগরের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র।
সব মিলিয়ে, সকাল থেকেই উত্তেজনা, অভিযোগ আর রাজনৈতিক বার্তায় গরম রাজ্যের ভোটমঞ্চ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।







