৬০ আসনে ৩০০ নাম বিজেপির। শুভেন্দু-রাজীব-জিতেন্দ্র লড়বেন পুরনো কেন্দ্রেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামি ২৭ মার্চ থেকে রাজ্যে শুরু ভোট গ্রহণ। মোট ৮ দফায় ২৯৪ টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। আর জনগনের নজর এখন বিভিন্ন দলের প্রার্থী তালিকায়। কোন দলই এখন পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি। অন্যদিকে বিজেপির সম্ভাব্য প্রার্থীবাছাই করতে রীতিমত হিমসিম খাচ্ছেন গেরুয়া শিবিরের ভোট ম্যানেজাররা। ৬০ আসনে ৩০০ নাম বিজেপির। আজ রাতেই সেই তালিকা নিয়ে দিল্লী যাচ্ছেন রাজ্য নেতারা।

আরও পড়ুনঃ ১০০ আসন পাবেনা BJP, TMC’কে জেতাতে এসেছেন, জিতিয়েই যাবেন, বলছেন পিকে।

কিন্তু এই ৬০ আসনের মধ্যে নিশ্চিত মুখ বা প্রার্থী কি কেউ নেই? বিজেপি সূত্রে খবর তৃণমূল বা অন্যদল থেকে যারা সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে তাঁদের পুরনো কেন্দ্র থেকেই প্রার্থী করতে চলেছে দল। এই রকম আসনের সংখ্যা রয়েছে প্রায় ২৫ টি। তাছাড়া অনেক হেভিওয়েট নেতা এসেছেন যাঁদের সাথে এসেছেন একাধিক অনুগামী। যারা নিজের নিজের এলাকায় যথেষ্ট প্রভাবশালী। তাঁদের মধ্যে অনেকেই পাবেন টিকিট। এই রকম আসনের সংখ্যাও নেহাত কম নয়।

সূত্রের দাবি শুভেন্দু অধিকারীর শিবিরের জন্যে প্রায় ২৫ টি আসন রাখতে হচ্ছে বিজেপি-কে। তাছাড়া রাজীব অনুগামীদের জন্যে থাকছে ৫ টি আসন। অন্যদিকে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। ডোমজুড় থেকে প্রার্থী করা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং মঙ্গলবারই বিজেপি-তে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে তাঁর বর্তমান কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকে। শীলভদ্র দত্ত প্রার্থী হচ্ছেন খড়দা থেকে। পাশাপাশি ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মনীশ শুক্লার বাবা।

মঙ্গলবার দিল্লীতে নির্বাচন কমিটির বৈঠক রয়েছে। সেখানেই প্রথম দুই দফার ৬০টি আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। এই ৬০ টি আসনের জন্যে প্রায় ৩০০ জনের তালিকা তৈরি করেছে রাজ্য বিজেপি। সেই তালিকা নিয়ে আজ রাতেই দিল্লিতে পৌঁছবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বৈর্গীয়।

কিন্তু ৬০ আসনের জন্যে ৩০০ প্রার্থী কেন? বিজেপি সূত্রে খবর, প্রার্থী হতে চাওয়ার তালিকায় রয়েছেন মহিলা মোর্চার জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক, এসটি মোর্চার জেলা সভাপতি, যুব মোর্চার সাধারণ সম্পাদক, জেলার যুব মোর্চার রাজ্য নেতা, বিজেপির মুখপাত্র, শিক্ষক সংগঠনের একাধিক জেলা নেতা, বিজেপির জেলা সম্পাদক-সহ বিভিন্ন মন্ডলের সভাপতিরাও। তৃণমূল বা অন্য দল থেকে আগত নেতাদের আসন গুলি বাদ দিয়ে আসন পিছু ৫টি নাম দিল্লীতে পাঠাচ্ছে রাজ্য নেতৃত্ব। প্রার্থী হতে চাওয়ার বহর দেখে রীতিমত বিড়ম্বনায় পড়েছেন বিজেপির ভোট ম্যানেজাররা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত