জানুয়ারি মাস শেষ হতে চলেছে। এখনও শীতের আমেজ ভরপুর পাওয়া যাচ্ছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। এমনকি বেলায় রোদের যে ঝলক দেখা যাচ্ছিল আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। মঙ্গলবার থেকেই হাওয়া বদল হবে। তবে সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া (Weather update of Bengal)?

আরও পড়ুন: লম্বা ছুটি নেই তো চিন্তা কী? হানিমুনের প্ল্যান করে ফেলুন এই পাহাড়ি গ্রামে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন আগেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় বৃষ্টি হয়েছে। এরফলে গত কয়েকদিন ধরেই কুয়াশাচ্ছন্ন পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ। এরপর বৃষ্টি থামলে আকাশ পরিষ্কার হয়। হয় পারদ পতন। তবে রবিবারই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এবার আর তাপমাত্রা কমবে না বরং বাড়বে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মেঘলা থাকবে আকাশ। শনিবার থেকে ফের আকাশ পরিষ্কার হবে। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে।
মঙ্গলেই আবহাওয়ার আমূল বদল, মধ্য মাঘেই বিদায় নেবে শীত?

আজ উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টি চলবে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা সব জেলাতেই কুয়াশার দাপট থাকতে পারে।



