নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও গরম থেকে রেহাই মেলেনি এখনও। যেহেতু সব জায়গায় বর্ষা ঢোকেনি তাই ভারী বৃষ্টি শুরু হয়নি দক্ষিণবঙ্গে। এরই মধ্যে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শুক্রবার মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলায় বর্ষা ঢুকে যেতে পারে। উত্তরবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস রয়েছে। তবে একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, দক্ষিণবঙ্গে গরম থেকে স্বস্তি কবে?
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, ২৪ ঘন্টার মধ্যেই হবে আবহাওয়ার পরিবর্তন, কী বলছে হাওয়া অফিস


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৫ ও ২৬ জুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৭ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে। আবহাওয়া দফতর যেহেতু আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে তাই সকলকেই সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বুধবার বজ্রপাতে দুই জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।

আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া , কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপশি জারি রয়েছে বজ্রপাতের আশঙ্কা। প্রায় সবকটি জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।



উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে গত ১২ জুন। একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২৪ তারিখ অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সপ্তাহান্তেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস








