নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটছে। এখনও একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দক্ষিণবঙ্গের বাকি অংশগুলিতেও বর্ষা ঢুকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস, জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, কী জানাল আবহাওয়া দফতর


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। আজ ও কাল অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। ভারী বর্ষণের পর তিস্তা, তোর্সা, জলঢাকা নদীগুলির জলস্তর অনেকটাই বেড়েছে। শীঘ্রই বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।



কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা অনেকটাই নীচে থাকবে।







