নজরবন্দি ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। যদিও এখনই গরম কমছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আজ রথের দিনে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জেনে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।
আরও পড়ুন: দিনের শুরুতেই অন্ধকারাচ্ছন্ন কলকাতা, প্রাক বর্ষার বৃষ্টিতে স্বস্তি শহরবাসীর
মঙ্গলবার রথযাত্রার পবিত্র উৎসব, আজও সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা এলেও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে ভ্যাপসা গরম বজায় থাকবে। চলতি সপ্তাহের শেষের দিকে এই জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে।

উল্লেখ্য, বিগত ছয়দিন ধরে একই অবস্থানে ছিল মৌসুমী বায়ু। সোমবার থেকেই সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা আসার পর থেকেই মালদহের উপরেই তার অবস্থান ছিল। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিল, ১৯-২২ জুনের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। গতকালই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে।
রথের দিনে ভাসবে ৩ জেলা, কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা









