নজরবন্দি ব্যুরো: মাসের শুরু থেকেই তীব্র গরমে ভুগছিল বঙ্গবাসী। উত্তরবঙ্গে বর্ষার আগমণ ঘটলেও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা দেরিতেই বর্ষার প্রবেশের খবর জানিয়েছিল আবহাওয়া দফতর। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকাল থেকেই শুরু হল বৃষ্টি। দিনের শুরুতেই অন্ধকারাচ্ছন্ন কলকাতা, প্রাক বর্ষার বৃষ্টিতে স্বস্তি শহরবাসীর। দক্ষিণবঙ্গে তবে পাকাপাকি বর্ষা ঢুকছে? কী বলছে আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই এই ৫ রাশির প্রচুর লাভ, জানুন রাশিফল
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকেই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে। ফলে চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই যেকোনও সময় বর্ষার প্রবেশ হতে পারে।

ততদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। যদিও পশ্চিমের জেলাগুলিতে এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গে পাঁচদিন দেরিতে বর্ষা এসেছিল, দক্ষিণবঙ্গে যে আরও দেরিতে বর্ষা ঢুকবে একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, বিগত ছয়দিন ধরে একই অবস্থানে ছিল মৌসুমী বায়ু। সোমবার থেকেই সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা আসার পর থেকেই মালদহের উপরেই তার অবস্থান ছিল। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিল, ১৯-২২ জুনের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক জায়গায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
সপ্তাহের প্রথম দিনেই সারাদিন আকাশ মেঘলা থাকবে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি, দুই বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দিনের শুরুতেই অন্ধকারাচ্ছন্ন কলকাতা, প্রাক বর্ষার বৃষ্টিতে স্বস্তি শহরবাসীর
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলা – মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।








