নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকালের মত আজও ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আবহাওয়া দফতর জারি করেছে সতর্কতা। নিম্নচাপ এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটিই ক্রমশ শক্তি বৃদ্ধি করে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। এরফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে পাঁচ জেলায় ভারী বৃষ্টি, ভাদ্রর শেষবেলায় খামখেয়ালি আবহাওয়া!
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। বৃহস্পতিবার দফায় দফায় বর্ষণ হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ ও আগামীকাল একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

শুক্রবার, শনিবার ও রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহান্তে তাপমাত্রা কমতে পারে। তবে বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার থেকে আবারও তাপমাত্রার পরিবর্তন হতে পারে।
জেলায় জেলায় জারি সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ!




