নজরবন্দি ব্যুরো: গতকালের মত আজও সকালটা মেঘলা। কোথাও কোথাও বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। ভাদ্র মাসের শেষদিকে এসে আবহাওয়ার খামখেয়ালি শুরু হয়েছে। বুধবার বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এরফলে আজও একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। কেমন থাকবে আজকের আবহাওয়া, জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: লক্ষ্মীবারে কি ঘরে টাকা আসবে? দেখুন আজকের রাশিফল
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে দূরে অবস্থান করলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূমেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুদিন রাজ্যের আবহাওয়া এমনই থাকবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভবনা ক্ষীণ। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
নিম্নচাপের প্রভাবে পাঁচ জেলায় ভারী বৃষ্টি, ভাদ্রর শেষবেলায় খামখেয়ালি আবহাওয়া!

কলকাতার আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ঘামের কষ্ট বাড়বে। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছাকাছি।




