সল্টলেকে বিশ্বের বৃহত্তম ‘ফ্যাশন ওয়ার্ডরোব’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে রাজ্যে শিল্প ও বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থা ইতিমধ্যেই বাংলায় প্রায় ১৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আগামী তিন বছরে আরও ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
মুখ্যমন্ত্রীর দাবি, এই বিপুল বিনিয়োগের ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। বর্তমানে বাংলায় সংস্থাটির ১১০টি স্টোর রয়েছে। আগামী দিনে সেই সংখ্যা বাড়িয়ে ২৫০ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুভেন্দু জানান, সংস্থার তরফে তিন বছরের মধ্যে ১১০টি স্টোর থেকে ২৫০টি স্টোরে পৌঁছনোর লক্ষ্য নেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকারের তরফে আরও দ্রুত সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য উদ্যোগী হওয়ার বার্তা দেওয়া হয়েছে। দেড় বছরের মধ্যেই ২৫০টি স্টোর করার জন্য সংস্থাকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শিল্পের পরিবেশ নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়ে বিভিন্ন কারণে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছিল। গত কয়েক মাসে সেই পরিস্থিতি বদলাতে একাধিক উদ্যোগ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, রাজ্যে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পুরুলিয়াতেও বড় পরিকল্পনা রয়েছে সংস্থাটির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে প্রায় ১ হাজার একর জমি কিনেছে সংস্থাটি। ওই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শুধু ফ্যাশন ও সৌরবিদ্যুৎ নয়, পেট্রোকেমিক্যাল ক্ষেত্রেও নতুন বিনিয়োগের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন প্ল্যান্টের উদ্বোধন হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলায় আরও বিনিয়োগ আসছে বলেও দাবি করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে তিনি দেখা করবেন বলেও জানিয়েছেন।
সল্টলেকের ‘ফ্যাশন ওয়ার্ডরোব’ উদ্বোধনকে ঘিরে এদিন তাই শুধু একটি নতুন প্রকল্পের সূচনা নয়, বাংলায় বড় অঙ্কের বিনিয়োগ এবং শিল্প সম্প্রসারণের বার্তাও সামনে এল। আগামী কয়েক বছরে এই বিনিয়োগ বাস্তবে কতটা কর্মসংস্থান ও শিল্প বৃদ্ধির পথ খুলে দেয়, এখন সেটাই নজরে।



