বৃষ্টির রেশ কাটতেই আবহাওয়ায় নতুন মোড়। দক্ষিণবঙ্গে ফের বইতে শুরু করেছে হালকা উত্তুরে হাওয়া, যার জেরে রাত ও ভোরে শীতের অনুভূতি খানিকটা ফিরে এসেছে। তাপমাত্রা সামান্য কমায় স্বস্তি মিললেও এই আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও মার্চের শুরু থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দুপুরের দিকে গরম অনুভূত হবে। ১ মার্চ থেকে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। কলকাতায় রাতের তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ ঊর্ধ্বমুখী হবে।


উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার উঁচু অংশে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া ফিরে আসবে।
কলকাতায় বৃষ্টির পর উত্তুরে হাওয়ার প্রভাবে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রির ঘরে। রাত ও সকালের দিকে শীতের অনুভূতি কিছুটা বাড়লেও দিনের বেলায় তা দ্রুত কমে যাচ্ছে। আগামী দু’দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মার্চের শুরুতেই তা বেড়ে ২২/২৩ ডিগ্রিতে পৌঁছতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।


সব মিলিয়ে, শীতের শেষ ঝলক উপভোগের সুযোগ থাকলেও খুব শিগগিরই রাজ্যে গরমের আমেজ বাড়তে চলেছে।








