নজরবন্দি ব্যুরোঃ তামিলনাড়ু ও চেন্নাইয়ে তাণ্ডব চালানোর আজ সকালে অন্ধ্রপ্রদেশের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি কোনো জায়গায় আছড়ে পড়েছে মিগজাউম। যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মিগজাউমের প্রভাবে ভারী বর্ষণে ইতিমধ্যেই ভেসে গেছে চেন্নাই।
আরও পড়ুনঃ ভারতীয় শেয়ার বাজারে নয়া ইতিহাস, রেকর্ড গড়ল সেনসেক্স


প্রবল বৃষ্টিপাতের জেরে বহু এলাকা জলে তলিয়ে গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। বহু যানবাহন জলের স্রোতে ভেসে গেছে। ভেগে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বন্যার জল শহরে প্রবেশ করায় বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিষেবা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

অবিরাম বর্ষণের কারণে চেন্নাইয়ের কয়েকটি এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। চেন্নাই শহরে আট জনের মৃত্যুও হয়েছে। প্রশাসনের তরফে চেন্নাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেসরকারি অফিসের কর্মীদেরও বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে ব্যাহত হয়েছে পরিবহণ ব্যবস্থা। চেন্নাই বিমানবন্দরের রানওয়ে ভেসে যাওয়ায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বাস ও ট্রেন চলাচল। ফলে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।


ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে চেন্নাইতে মৃত ৮, কলকাতায় ৩ দিন টানা বৃষ্টির পূর্বাভাস।

অন্য দিকে, মিগজাউমের প্রভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। জেলাগুলোতে আগামী তিনদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজকে শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে। বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।







