নজরবন্দি ব্যুরো: বুধবার সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বহাল রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের তেজ কমেনি পুরোপুরি। এবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাগুলিতে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আগামী ২- ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতা শহরে বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। হওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি কিছুটা কমেছে চলতি সপ্তাহে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে অল্প হলেও বেড়েছে বৃষ্টি। যদিও সেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মেলেনি।

আবার, ২১ শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। সেদিন থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলোতেও। দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি ভিজবে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরও।
অস্বস্তিকর গরমের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীরও। বন্যা পরিস্থিতির মাঝেও উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বুধবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে।



