নজরবন্দি ব্যুরো: পুজোর বাকি আর কয়েকদিন। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবারই কমবেশি প্ল্যান তৈরি। কিন্তু সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার মেজাজের উপর। টানা কয়েকদিন বৃষ্টির পর অবশেষে রোদের দেখা পাওয়া গিয়েছে। আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। পুজোর সময়ে কি দুর্যোগের আশঙ্কা রয়েছে? জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন:বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত! পুজোর এক সপ্তাহ আগে ভাবাচ্ছে আবহাওয়া
জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়। বুধবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার হাওয়া বদল হতে পারে। অর্থাৎ পুজো যত এগিয়ে আসছে ততই যেন মেজাজ ঘন ঘন বদলে ফেলছে আবহাওয়া। নিম্নচাপের জেরে পুজোর আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ দেখা দিয়েছিল। জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বজায় থাকবে।

এবছর দেরিতে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে প্রায় এক মাস পর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন চার দিনে উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য রাজ্য এবং গুজরাট, মধ্যপ্রদেশের কিছু অংশ ও রাজস্থানের অধিকাংশ এলাকা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আগামী দু-তিনদিনের মধ্যে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে।

কলকাতার আবহাওয়া একইরকম থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি হবে। বুধবারের পর থেকে বৃষ্টি কমলেও উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পুজোর আনন্দে ‘ভিলেন’ ঘূর্ণাবর্ত? দুর্গোৎসবে দুর্যোগের আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস?




