নজরবন্দি ব্যুরো: একটানা বৃষ্টির পর চলতি সপ্তাহে গত দুদিন ধরে ঝলমলে আকাশ। রোদের দেখা পাওয়া যাচ্ছে। এই আবহাওয়া দেখে কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। কিন্তু এমন সময়েই বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা জানাল আবহাওয়া দফতর। কেমন থাকবে আবহাওয়া? এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: পুজোর আবহাওয়া নিয়ে চিন্তায় বঙ্গবাসী, বড় আপডেট দিল আলিপুর
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিল, পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা এখনই বলা সম্ভব নয়, আগামী ১৪ অক্টোবর মহালয়। মহালয়ার পর কিছুটা আন্দাজ পাওয়া যাবে। তবে সব ঠিক থাকলে মহালয়ার আগেই রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে। ফলে পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে এর ফলে প্যান্ডেল হপিংয়ের প্ল্যানে বাধা পড়বে না।

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এখনই বৃষ্টির তেজ বাড়বে না। জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রাও কিছুটা বাড়বে। দিন কয়েক পর জলীয় বাষ্পের পরিমাণ কমে শুকনো আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি হবে। বুধবারের পর থেকে বৃষ্টি কমলেও উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত! পুজোর এক সপ্তাহ আগে ভাবাচ্ছে আবহাওয়া




