নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহে একটানা বৃষ্টির পর রবিবার রোদের দেখা পাওয়া গিয়েছে। আকাশ পরিষ্কার ছিল। তবে বিকেলের পর থেকেই কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। দূর্গাপুজোর আর বাকি মাত্র কিছুদিন। এই অবস্থায় আবহাওয়া বঙ্গবাসীর চিন্তা বাড়াচ্ছে। পুজোর পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: দুর্যোগ কাটিয়ে আকাশে শরতের মেঘ, পুজোর দিনগুলিতে ফের বৃষ্টির আশঙ্কা?


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে। কয়েকদিন ধরে প্রায় সব জেলাতেই বৃষ্টির দেখা মিলেছে। আপাতত কয়েকদিন দক্ষিণের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার অর্থাৎ আজ থেকে বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, নিম্নচাপটি বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে সরে গিয়েছে। এটি আগামী কয়েক ঘন্টায় শক্তি ক্ষয় করে ক্রমশ নাগাল্যান্ডের দিকে অগ্রসর হবে। পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে? এনিয়ে আবহাওয়াবিদদের বক্তব্য, এখনই স্পষ্ট বলা সম্ভব নয়। মহালয়ার পর আবহাওয়ার অবস্থা নিয়ে পূর্বাভাস দেওয়া যাবে। তবে পুজোর সময় অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। এর জন্য পুজোয় ঘোরা বানচাল হবে না।


![]()
সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতায় তাপমাত্রা বাড়বে। তবে রবিবারের মত এদিনও কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুজোর আবহাওয়া নিয়ে চিন্তায় বঙ্গবাসী, বড় আপডেট দিল আলিপুর









