ফের সন্দেশখালি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। তৃণমূল দুষ্কৃতীরা রাতের বেলা স্থানীয় বাসিন্দাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। বিজেপিকে ভোট দিলে এলাকা জ্বালিয়ে সব তছনছ করে দেওয়া হবে বলেও নাকি হুমকি দেওয়া হচ্ছে। উদ্ধার হয়েছে দেশি ভাঙা বন্দুক। এই অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহানের যোগসাজশ আছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন: জেল থেকে বেরিয়েই ভোটের প্রচার শুরু কেজরিওয়ালের


এর আগে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সেখান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশিতে ওই বাড়ি থেকে একটি রহস্যময় ব্যাগ বের করে আনে রোবট।

গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে এই অস্ত্র উদ্ধার হয়। তবে, তিনি এখনও পর্যন্ত নিখোঁজ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। বিজেপির তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু, এই অস্ত্রের উৎস কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন।



ফের সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার, তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ
উল্লেখ্য, বৃহস্পতিবার জেলিয়াখালির পিঁপড়াখালি এলাকায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের একটি জনসভা ছিল। সেই ফেরিঘাট থেকেই এই অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগে সন্দেশখালির দু’টি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তৃণমূলের দাবি, এই গোটা আন্দোলনটাই বিজেপির সাজানো। আর এবার বিতর্কের মধ্যেই উদ্ধার হল অস্ত্র।









