কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (West Bengal State Electricity Transmission Company Limited-WBSETCL) একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে মাসিক বেতন ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকারও বেশি হতে পারে। নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে।
WBSETCL-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, Information Technology Head, Chief Medical Officer এবং Special Security Officer—এই তিনটি পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা আলাদা। বিস্তারিত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।
বেতন কাঠামোর দিক থেকেও এই নিয়োগ যথেষ্ট আকর্ষণীয়। Information Technology Head পদে মাসিক বেতন ₹47,300 থেকে ₹2,04,500 পর্যন্ত হতে পারে। অন্যদিকে Chief Medical Officer এবং Special Security Officer-এর ক্ষেত্রে মাসিক বেতন ₹50,000 থেকে ₹70,000 পর্যন্ত নির্ধারিত রয়েছে। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও মিলবে।
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগত ডিগ্রি থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। পদের ভিত্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর, ৬২ বছর এবং ৬৬ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। প্রাথমিকভাবে আবেদন যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ-র জন্য ডাকা হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বিদ্যুৎ ভবন (Vidyut Bhavan), সল্টলেক (Salt Lake), কলকাতা-য়। ইন্টারভিউয়ের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ প্রতিটি পদের যোগ্যতা, অভিজ্ঞতা, নথিপত্র এবং আবেদনপদ্ধতি আলাদা হতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.wbsetcl.in/



