নজরবন্দি ব্যুরোঃ গতকালের থেকে আজ রবিবারের আবহাওয়া বদলে গেল অনেকটাই। মেঘলা আকাশ দিয়ে রবিবারের সকাল শুরু হয়েছে কলকাতার। যদিও বেলা গড়াতেই হালকা রোদের দেখা মিলেছে শহরে। উইকএন্ডে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বেশ চিন্তিত বঙ্গবাসী। শুক্রবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়। শনিবারও সকাল থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুনঃ কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার, মালদহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিনও শহরে কয়েক পশলা বৃষ্টি হবে। ফলে পুজোর আগে উইকএন্ডে শপিংয়ের প্ল্যান থাকলে সঙ্গে ছাতা-রেনকোট রাখতেই হবে। অন্যদিকে, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস (Rainfall Update) রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শহরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্য়ুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার উত্তরের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকার কারণেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, মাটি হবে উইকএন্ডে প্ল্যান

আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। আগামী তিন থেকে চার দিন সিকিমেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।







