নজরবন্দি ব্যুরোঃ পুজোয় ঘূর্ণাবর্তের আশঙ্কা? পুজো আসতে আর এক মাসও বাকি নেই। জোর কদমে শুরু হয়ে গেছে কেনাকাটা। তার উপর আজ রবিবার। পুজোর আগে আচমকাই হাওয়া বদল। দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। ব্যাপক হাওয়া। এদিকে, আবহাওয়াবীদদের একাংশের কথায় পুজোর আগেই বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কতটা সত্য রয়েছে এই তথ্যের মধ্যে, জবাব দিল আবহাওয়াবীদরা।
আরও পড়ুনঃ আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, মাটি হবে উইকএন্ডে প্ল্যান


সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘ, তার সঙ্গে দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান এই জেলাগুলিতে অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাত হবে।

উল্লেখ্য, মরশুমের শুরু থেকেই সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। কিন্তু, গত কয়েক দিনে একাধিক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। অন্যদিকে, আবহাওয়াবিদদের একাংশ দাবি করছেন, পুজোর ঠিক মুখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর দরুন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মোটের উপর পুজোয় যাবতীয় পরিকল্পনায় জল ঢালতে পারে আবহাওয়ার মতি-গতি।
আবহাওয়াবিদদের একাংশ দাবি করছেন, আকাশের খামখেয়ালিপনায় মাটি হতে পারে পুজোর আনন্দ। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা অবশ্য কিছুটা আশ্বাস দিয়েছেন। তাঁদের বক্তব্য, ‘পুজোতে এখনও এক মাস সময় বাকি। সেক্ষেত্রে এখন থেকে সেই সময় কেমন আবহাওয়া থাকবে তা বলা সম্ভব নয়। ফলে পুজোর সময় ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা তা এখন থেকে কোনওভাবেই বলা সম্ভব নয়।’


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিনও শহরে কয়েক পশলা বৃষ্টি হবে। ফলে পুজোর আগে উইকএন্ডে শপিংয়ের প্ল্যান থাকলে সঙ্গে ছাতা-রেনকোট রাখতেই হবে। অন্যদিকে, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শহরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্য়ুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার উত্তরের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকার কারণেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পুজোয় ঘূর্ণাবর্তের আশঙ্কা? কয়েক দিনের আবহাওয়া কেমন থাকবে?

আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। আগামী তিন থেকে চার দিন সিকিমেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।







