নজরবন্দি ব্যুরো: একঘেয়ে জীবন থেকে বেরিয়ে কয়েকদিনের জন্য কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান। তবে চেনা জানা সেই দিপুদা এবার আর নয়। উত্তরবঙ্গকে পর্যটন কেন্দ্রের অভাব নেই বললেই চলে। আজ এমন এক জায়গার খোঁজ রইল যা রয়েছে শিলিগুড়ির কাছেই। পাহাড়ের গায়ে বাহারি রঙয়ের কটেজ, কটেজের সামনেই সুইমিং পুল। শান্ত, নিরিবিলি, সবুজে ঘেরা পরিবেশে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এখানে।
আরও পড়ুন: ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, জেনে নিন এই তিনটি গন্তব্যের ঠিকানা


আজকের গন্তব্য বেলটার। কর্শিয়াংয়ের কাছে অবস্থিত এই ছোট্ট গ্রাম ক্রমশই পর্যটকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। কটেজ ও সুইমিং পুল এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। যদিও কর্শিয়াংয়ের মত অতটা জনবহুল নয়। চারিদিকে চা বাগান, পাশ দিয়েই বয়ে চলেছে পাহাড়ি নদী। দুদিকে মার্গারেট হোপ চা বাগান এবং মহারাণী পাহাড়। দিনের সবসময়েই মেঘের আনাগোনা, পাখির ডাক মন ভালো করে দেয়।

রিভারসাইড রিসর্টের অন্যতম আকর্ষণ হল সুইমিং পুল। চারিদিকে কটেজের মাঝে এই সুইমিং পুল যেন সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। ঠাণ্ডা হোক বা গরম, যেকোনও ঋতুতেই সুইমিং পুলে হুটোপুটি করে পর্যটকরা। এছাড়াও এখানে আরও একটি আকর্ষণীয় দিক হল এই ঠিকানা থেকেই চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘার আলাদা সৌন্দর্য। বেলটার গ্রামের এই কটেজগুলি জিটিএ পরিচালিত। তাই এখানে আসতে হলে জিটিএ ওয়েবসাইট থেকেই বুকিং করতে হবে।



কীভাবে যাবেন?
ট্রেনে আসতে চাইলে শিলিগুড়ি নামতে হবে। নিউ জলপাইগুড়ি জংশন থেকে গাড়ি ভাড়া করে কার্শিয়াং বেলটার চলে আসতে পারেন। বিমানে আসতে হলে বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে একইভাবে এই গন্তব্যে পৌঁছাতে পারবেন। খরচ বাঁচাতে চাইলে সরকারি বাস কিংবা শেয়ার ট্যাক্সিতে আসতে পারেন।
পাহাড়ের গায়ে রঙিন কটেজ, ঘুরে আসুন বেলটার








