শামি–মুকেশ–আকাশের তাণ্ডবে ধসে পড়ল জম্মু–কাশ্মীর, বিজয় হজারেতে বাংলার দুরন্ত জয়

রাজকোটে পেস ত্রয়ীর দাপটে ৬৩ রানে অল আউট জম্মু–কাশ্মীর। মাত্র ৯.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ৪০ ওভার বাকি থাকতেই ৯ উইকেটে জিতল বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিজয় হজারে ট্রফিতে কার্যত একতরফা আধিপত্য দেখাল বাংলা। রাজকোটে বুধবার জম্মু–কাশ্মীরকে মাত্র ৬৩ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জয় তুলে নিল তারা—তাও ৪০ ওভার হাতে রেখেই। ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বাংলার পেস আক্রমণের দখলে।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। সিদ্ধান্ত যে কতটা সঠিক, তার প্রমাণ মেলে ম্যাচের দ্বিতীয় বলেই। মহম্মদ শামি শূন্য রানে ফেরান কামরান ইকবালকে। পরের ওভারেই আকাশ দীপ-এর বলে মুরুগান অশ্বিনও সাজঘরে। শুরুতেই ধাক্কায় ছন্দ হারায় জম্মু–কাশ্মীর।

পঞ্চম ওভারে আবার আঘাত শামির—ইয়াওয়ের হাসান আউট হতেই স্কোরবোর্ডে চাপ বাড়ে। এরপর আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মুকেশ কুমার নিজের ধারাবাহিকতা বজায় রেখে তুলে নেন চারটি উইকেট। আকাশ দীপও চারটি শিকার করেন, শামির ঝুলিতে থাকে দুটি। ২০.৪ ওভারে ৬৩ রানে অল আউট হয়ে যায় জম্মু–কাশ্মীর।

ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কেবল শুভম খাজুরিয়া (১২) ও অধিনায়ক পারশ ডোগরা (১৯)। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অথচ টুর্নামেন্টে এর আগে তিন ম্যাচে দু’টি জয় পাওয়া দলটি পয়েন্ট তালিকায় বাংলার উপরে ছিল।

৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ম্যাচ শেষ করাই লক্ষ্য ছিল বাংলার। ঈশ্বরন নিজে বড় রান না পেলেও (৪), আগের ম্যাচে শতরান করা অভিষেক পোড়েল ঝড় তোলেন। তিন নম্বরে নেমে সুদীপ ঘরামিও সমান তালে রান তুলতে থাকেন। মাত্র ৯.৩ ওভারে জয় নিশ্চিত করে বাংলা—অভিষেক অপরাজিত থাকেন ৩০ রানে, সুদীপ ২৫ রানে।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় এক লাফে পাঁচ থেকে দুই নম্বরে উঠে এল বাংলা। নেট রানরেট দাঁড়াল ১.০৭৮। শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ—পয়েন্ট সমান হলেও তাদের ম্যাচের ফলের উপর নির্ভর করছে অবস্থান। বিদর্ভ ও বরোদাও দৌড়ে থাকায় গ্রুপের শেষপর্বে উত্তেজনা বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন