চার বছর পর খুলল উৎসশ্রী পোর্টাল! শুরু বদলির আবেদন, তবে পুরনো ফাইল নিয়েই নতুন বিতর্ক

প্রায় চার বছর পর ফের চালু হল উৎসশ্রী পোর্টাল। বুধবার থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির আবেদন শুরু হলেও, ২০২১ সাল থেকে ঝুলে থাকা পুরনো আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব শিক্ষক সংগঠন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রায় চার বছর পর ফের খুলে গেল উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal)। বুধবার থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) শিক্ষক ও অশিক্ষক কর্মীরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর (School Education Department)। দীর্ঘদিনের অপেক্ষার অবসানে খুশি শিক্ষকদের বড় অংশ হলেও, ২০২১ সাল থেকে ঝুলে থাকা পুরনো আবেদনগুলির নিষ্পত্তি আগে করার দাবিও তুলেছে একাধিক শিক্ষক সংগঠন।

স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলির আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ার জন্যও পোর্টাল দীর্ঘদিন বন্ধ ছিল। বুধবার থেকে নির্ধারিত নিয়ম মেনে আবার সব ধরনের বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

দফতরের এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission)-এর General Transfer, Transfer on Special Ground and Re-allocation Rules, 2015-এর বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে বহুদিন ধরে বদলির অপেক্ষায় থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সমস্যার কিছুটা সমাধান হবে বলেই প্রশাসনের আশা।

তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও পুরনো আবেদনকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সংগঠনগুলির একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল (Swapan Mondal) বলেন, বহুবার দাবি তোলার পর অবশেষে পোর্টাল চালু হয়েছে। কিন্তু ২০২১ সাল থেকে যাঁদের বদলির আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদের বিষয়টি আগে সমাধান না হলে ভবিষ্যতে নতুন করে আইনি জটিলতা তৈরি হতে পারে।

তিনি আরও জানান, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পোর্টাল আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হলেও সেই বছরের ডিসেম্বর পর্যন্ত কিছু আবেদন নেওয়া হয়েছিল। পরে শুধুমাত্র আপস-বদলির আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়। ৩০ জুন ২০২৬ পর্যন্ত আপস-বদলির আবেদন জমা পড়লেও বাস্তবে কোনও বদলি কার্যকর হয়নি। তাই নতুন আবেদন শুরুর পাশাপাশি পুরনো আবেদনগুলিরও দ্রুত নিষ্পত্তির দাবি তুলেছেন তিনি।

অন্যদিকে, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী (Kinkar Adhikari) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বদলি প্রক্রিয়ায় যেন কোনওভাবেই দুর্নীতির সুযোগ না থাকে। একই সঙ্গে তিনি নিজের জেলায় বদলির সুযোগ বাড়ানো এবং স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সমস্ত শূন্যপদ দ্রুত পূরণের দাবি জানান।

অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই (Chandan Garai)-এর মতে, দীর্ঘদিন ধরে বহু শিক্ষক-শিক্ষিকা ব্যক্তিগত ও পারিবারিক কারণে সমস্যার মধ্যে ছিলেন। উৎসশ্রী পোর্টাল চালু হওয়ায় তাঁদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আশা করা হচ্ছে। এখন নজর থাকবে, নতুন আবেদন গ্রহণের পাশাপাশি পুরনো ঝুলে থাকা ফাইলগুলির নিষ্পত্তি কত দ্রুত করা হয় তার উপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন