আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমল, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদী

মার্কিন বাজারে ভারতীয় পণ্যে শুল্ক কমানোর সিদ্ধান্তে স্বস্তি। অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো চূড়ান্ত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদী—রফতানি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় পণ্যের জন্য খুলে গেল আমেরিকার বিশাল বাজার। শুল্ক কমানোর সিদ্ধান্তে গতি পেল দুই দেশের বাণিজ্য সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের পরই আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার হলো, আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কয়েকদিন আগেই এই ঘোষণা করা হয়েছিল। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশনামায় সই করে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেন। ফলে আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমে দাঁড়াল ১৮ শতাংশে। একইসঙ্গে দুই দেশের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোও চূড়ান্ত হয়েছে।

এই চুক্তি চূড়ান্ত হওয়ার পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ভারত ও আমেরিকার জন্য এটি একটি সুখবর এবং এই অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকারের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী মনে করছেন, এই চুক্তির ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে নতুন গতি আসবে। কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি মহিলা ও যুব সমাজের কর্মসংস্থানের পথও আরও প্রশস্ত হবে।

একই সুর শোনা গিয়েছে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের গলাতেও। তিনি জানিয়েছেন, এই অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোর ফলে আমেরিকায় ভারতের রফতানি বাড়বে এবং কর্মসংস্থান তৈরি হবে। তাঁর কথায়, প্রায় ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার ভারতের জন্য উন্মুক্ত হল। এর ফলে কৃষক, মৎস্যজীবী ও এমএসএমই সেক্টর বিশেষভাবে উপকৃত হবে।

চুক্তির কাঠামো অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারত আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করবে। এই অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো চূড়ান্ত হওয়ায় ভবিষ্যতের পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির (BTA) পথও প্রশস্ত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর