নজরবন্দি ব্যুরো: উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের (Upper Primary Candidates) আন্দোলন পৌঁছল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির অদূরে। শুক্রবার কালীঘাটের হাজরায় চলছিল চাকরিপ্রার্থীদের আন্দোলন। সেখান থেকেই তাঁরা আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে জমায়েত শুরু করেন। যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা। সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। টেনে হিঁচড়ে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। সব মিলিয়ে এই মুহূর্তে কালীঘাট (Kalighat) চত্বরে বেশ উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন: ইডি দফতরে ম্যাজিশিয়ান! চিটফান্ড মামলায় পিসি সরকার জুনিয়রকে তলব এজেন্সির
প্রসঙ্গত, ধর্মতলায় শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এক বছরেরও বেশি সময় ধরে চাকরির দাবিতে আন্দোলন করছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলন আজ পড়েছে ৫৫৫তম দিনে। সেই উপলক্ষ্যে হাজরায় তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মধ্যেই চাকরিপ্রার্থীরা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। সেখানে শুরু হয় জমায়েত।

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে স্বাভাবিকভাবেই নিরাপত্তার কড়াকড়ি থাকে। সেখানে তাঁর বাড়ির মাত্র ২০০ মিটারের মধ্যে কিভাবে আন্দোলনকারীরা পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এদিন মহিলা চাকরিপ্রার্থীরা মাটিতে শুয়ে বলতে থাকেন, “১০ বছর ধরে আমরা বঞ্চিত। ওরা পরীক্ষা কেন নিয়েছিল? এর থেকে মরে গেলে ভাল হত।” সেখান থেকে চ্যাংদোলা করে তাঁদের তুলে সোজা লালবাজারে পাঠিয়ে দেয় পুলিশ।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে অবস্থান বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, টেনে হিঁচড়ে ভ্যানে তুলল পুলিশ
এদিকে আজই আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিপ্রার্থীদের একাংশের বৈঠকের কথা রয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি। ইতিমধ্যেই বিকাশ ভবনে পৌঁছে গিয়েছেন ব্রাত্য। সেখানেই তাঁর সঙ্গে বৈঠকের কতাহ তাঁদের। আজকের বৈঠকের পর সমাধান সূত্র না পেলে আরও বৃহত্তর আন্দোলনেরদিকে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।




