নজরবন্দি ব্যুরো: বিতর্কটা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার পড়ুয়াদের কথা ভেবে সিদ্ধান্ত নিল সরকার। এবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা হবে সেপ্টেম্বরেই। ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয়ে উচ্চশিক্ষা সচিবকে অনুমতিপত্র পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। টানা দু-মাসের বেশি সময় লকডাউন চলার কারণে দেশজুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ।
মোটামুটি মার্চ মাস থেকে বন্ধ হয়ে রয়েছে সমস্ত পরীক্ষা। এবার সময় মতো বাকি থাকা পরীক্ষাগুলি মিটিয়ে নেওয়ার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় সরকারের করোনা বিধি মেনে তবেই পরীক্ষা নিতে হবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে। সব দিক খতিয়ে দেখার পরে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অনুমতি পেয়েই তৎপর হয়েছে ইউজিসি।
শুরু হয়েছে তোড়জোড়। ইতিমধ্যেই পরীক্ষার গাইডলাইন তৈরি করে দিল ইউজিসি। জানানো হয়েছে, করোনাবিধি কঠোরভাবে মেনে পরীক্ষা নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সুবিধে মতো অনলাইন এবং অফলাইনে দু-ভাবেই পরীক্ষা নিতে পারবে।
যদিও করোনা আবহে একাধিক রাজ্য পরীক্ষা বাতিল করে দিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া চলবে না। অন্তত চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিতেই হবে।



