পশ্চিমবঙ্গে (West Bengal Assembly) অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code – UCC) নিয়ে আপাতত নতুন সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। বিধানসভায় এখনই অভিন্ন দেওয়ানি বিধির বিল পেশ করা হচ্ছে না। তার বদলে প্রথমে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতে বিল আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিধানসভা সূত্রে খবর।
সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। আইন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই পর্বে বিলটি আনা হবে কি না, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে আইন দফতরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাতে।
নবান্ন (Nabanna) সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকতে পারেন। সেখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে উচ্চপর্যায়ের কমিটি গঠনের পরিকল্পনা করা হয়েছে, সেই কমিটিতে কারা থাকবেন, তাদের কার্যপরিধি কী হবে এবং কীভাবে তারা কাজ করবে, সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছিল। সেদিন বিধানসভার অধিবেশনে নিজের বক্তব্যে বিলটির পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী। পরে একটি দলীয় কর্মসূচিতেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। এরপর থেকেই জল্পনা তৈরি হয় যে, চলতি অধিবেশনেই বিলটি বিধানসভায় পেশ হতে পারে।
তবে সর্বশেষ বিধানসভা সূত্রের খবর অনুযায়ী, সোমবার বিলটি পেশ করা হচ্ছে না। পরিবর্তে প্রথম ধাপে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার।



