বিএসএফ (BSF) সহ আধাসেনার চাকরিতে জাল ডোমিসাইল দিয়ে বাংলার রাজ্য কোটায় চাকরি দখল! কাঁকিনাড়া থেকে দুই বহিরাগত দালালকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বাংলা পক্ষের তরফেই প্রথম এই বিষয়টিকে কেন্দ্র করে মহেশতলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই এদিন ২ জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের নাম বিক্কি চৌধারী ও রাজু চৌধারী।
আরও পড়ুন: ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী, কবে থেকে কার্যকর? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্ভুক্ত ঠিকানা দিয়ে জাল ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বাংলার রাজ্য কোটায় আধাসেনার চাকরি দখল করেছিল আদিত্য প্রতাপ সিং এবং অমিত সিং৷ বাংলা পক্ষর অভিযোগ, এই দুই ব্যক্তি বাংলায় থাকে না, ভিন রাজ্যের বাসিন্দা। বাংলা পক্ষর মহেশতলা বিধানসভার সম্পাদক সুশাস্ত চক্রবর্তী মহেশতলা থানায় অভিযোগ জানান৷

গতকাল গভীর রাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁকিনাড়া থেকে জাল ডোমিসাইল ও জাল কাস্ট সার্টিফিকেট চক্রের অন্যতম দুই পাণ্ডা বিক্কি চৌধারী ও রাজু চৌধারীকে গ্রেপ্তার করে ডায়ামন্ড হারবার পুলিস জেলার মহেশতলা থানা। আজ আলিপুর আদালত দুই অভিযুক্তের ৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে এই চক্রের আর এক মাথা কাঁকিনাড়ার এক সেনা জওয়ান রাহুল শ-র বিরুদ্ধে ১৭ মাহার রেজিমেন্টে তথ্য প্রমাণ সহ অভিযোগ জানানোর পর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

জাল ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে সেনায় চাকরি, বাংলা পক্ষের তৎপরতায় গ্রেফতার ২
বাংলা পক্ষর মতে, আধাসেনায় বাংলার রাজ্য কোটার হাজার হাজার চাকরি দখল হয়ে যাচ্ছে। জাল সার্টিফিকেট বানিয়ে দালাল মারফৎ ভিন রাজ্যের লোকজন বাংলার চাকরি দখল করছে। গত এক বছর বাংলা পক্ষ এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করছে। CRPF ভবনে বিক্ষোভ কর্মসূচীও করেছিল বাংলা পক্ষ৷ গত কয়েকমাসে ব্যারাকপুর, শ্রীরামপুর, চন্দননগর সহ বিভিন্ন SDO অফিসে, পুলিস সুপারের অফিসে বিক্ষোভ কর্মসূচী করেছে বাংলা পক্ষ। বিভিন্ন বিএসএফ, সি আই এস এফ ক্যাম্পের বাইরে ঘেরাও কর্মসূচী করেছে বাংলা পক্ষ। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেছিল বাংলা পক্ষ।




