নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার শেষ হচ্ছে পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্ব। আর তার পরেই দলের নির্বাচনী কমিটিকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটে ওই বৈঠকে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, নির্বাচনী কমিটির নেতাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চোপড়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল, হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস
নবজোয়ার কর্মসূচি শুরুর আগেই ২২ জনের নির্বাচন কমিটি তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, ৬ থেকে ৮ জন করে ৮ টি জোনাল কমিটি তৈরি হয়। শুক্রবার কাকদ্বীপে শেষ হচ্ছে অভিষেকের জনসংযোগ যাত্রা। কোচবিহার থেকে শুরু হওয়া এই রাজনৈতিক কর্মসূচির শেষ দিন অভিষেকের সঙ্গে এক মঞ্চে ছিলেন মমতাও।

তৃণমূল সূত্রে খবর, শেষ দুমাসের নব জোয়ার কর্মসূচিতে জন সংযোগের ক্ষেত্রে দলকে অনেকটাই সাহায্য করেছে। যার কান্ডারী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় এসে জনসংযোগে খামতি রাখতে চাইছে না দল। এক্ষেত্রে সমস্ত প্রার্থীদের নিয়ে প্রচারে আরও জোর বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শাসক দল।
ভোটের আগে কালীঘাটে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক, থাকবেন মমতা- অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের আগেই মনোনয়ন পর্বে একাধিক জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। সেক্ষেত্রে নিচু স্তরের কর্মীরা যাতে কোনওভাবে অশান্তি, মারামারিতে না জড়িয়ে পড়েন এবং সর্বোপরি দলের ভাবমূর্তি না নষ্ট করেন সে ব্যাপারে শীর্ষ নেতৃত্ব কোনও বার্তা দিতে পারে বলেও মনে করা হচ্ছে।




