নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে। শাসক-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। তৃণমূল কার্যালয় লক্ষ্য করে চলে গুলি ও বোমাবাজি। আহত এক তৃণমূল কর্মী। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের এক্তারপুরে।
আরও পড়ুনঃ পুলিশের উপস্থিতিতে রাজভবনের সামনে বিক্ষোভ কেন? কমিশনের কাছে জবাব তলব রাজ্যপালের


জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এক্তারপুরের তৃণমূল কার্যালয় লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে একদল দুষ্কৃতি। সেই সময়ে পার্টি অফিসে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন তৃণমুল কর্মী। তারা কিছু বোঝার আগেই গুলি ছুঁড়তে শুরু করে ওই দুষ্কৃতিরা। গুলিতে আহত হন দ্বারকেশ দাস নামে এক তৃণমূল কর্মী।
দ্বারকেশের কোমরে গুলি লেগেছে। এর পরই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। গুরুত্বর অবস্থায় আহত ব্যক্তিকে প্রথমে নিয়ে যাওয়া হয় মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় তমলুক হাসপাতালে। কিন্তু ওই ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় গতকাল রাতেই তাঁকে তমলুক হাসপাতালে থেকে কলকাতার এসএসকেএম-এ স্থান্তরিত করা হয়।
তৃণমূলের দাবি, একুশের বিধানসভা নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিতে পারছেনা বিজেপি। তাই একের পর এক তৃণমুলের কর্মী- সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। শাসক দলের অভিযোগকে অস্বিকার করেছে গেরুয়া শিবির। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারনেই এই ঘটনা ঘটেছে, দাবি বিজেপির। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।









