নজরবন্দি ব্যুরো: কয়েকদিন ধরেই বর্ষার মরশুম। এইসময়ে হঠাৎ করেই অল্পদিনের ছুটির প্ল্যান! কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গ। তবে দার্জিলিং, কালিম্পং বা অন্য কোনও চেনা জায়গা নয়।আজকের প্রতিবেদনে খোঁজ রইল তিনটি সেরা ঠিকানার যেগুলি উত্তরবঙ্গের ভ্রমণে ঘুরে না দেখলেই নয়।
আরও পড়ুন: মাত্র ১০০০ টাকা খরচে ঘুরে আসুন এই সমুদ্র সৈকতে, ক্লান্তি কাটবে নিমেষেই


আজকের গন্তব্য ডুয়ার্স। মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন যারা ডুয়ার্স তাদের চেনা জায়গা। কিন্তু জানেন কি এখানেই রয়েছে এমনই কয়েকটি দর্শনীয় স্থান যেগুলি একবার ঘুরে না দেখলে পুরো টাকাটাই জলে।
চিলাপাতা
ডুয়ার্সের জনপ্রিয় জায়গাগুলির মধ্যে একটি চিলাপাতা। এটি বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের মাঝে অবস্থিত। তোর্সা ও বানিয়া নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। জঙ্গল সাফারিতে একশৃঙ্গ গণ্ডার এবং হাতির দেখা পেতে পারেন।



প্যারেন
ডুয়ার্সের কোলে অবস্থিত একটি ছোট গ্রাম প্যারেন। এটি ভারত-ভুটান সীমান্তের শেষ জনপদ। এখান থেকে আপনি ভুটানের পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। ডুয়ার্সে এই ঠিকানার কাছাকাছি ঐতিহ্যবাহী গ্রাম রয়েছে, যেখানে আপনি ডুয়ার্সের স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে পারেন।

বক্সা ফোর্ট
বক্সা পাহাড়ের একদম উপরে অবস্থিত লেপচাখা থেকে ডুয়ার্সের সৌন্দর্য অতুলনীয়। লেপচাখা বক্সা ফোর্টের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র। আলিপুরদুয়ার থেকে লেপচাখা ৩০ কিলোমিটারের পথ। তবে পর্যটকদের অ্যাডভেঞ্চার পছন্দ হলে সান্তলাবাড়ি থেকে বক্সা ফোর্ট পর্যন্ত ট্রেকিং করেও আসতে পারেন। ঝালং থেকে আপনি তোর্সা নদীর দৃশ্য উপভোগ করতে পারেন।
এবারের ছুটিতে গন্তব্য উত্তরবঙ্গ, এই তিন জায়গা ঘুরে না দেখলেই নয়









