নজরবন্দি ব্যুরো: শীতকাল আসলেই মনটা ঘুরু ঘুরু করে। ব্যস্ততা ভুলে ঠান্ডা হাওয়ার আমেজ গায়ে মেখে কয়েকদিন কাছাকাছি কোথাও ঘুরে আসতেই পারেন। দীঘা, পুরী, দার্জিলিংয়ের মত একঘেয়ে জায়গায় যেতে চাইছেন না? তাহলে চলে আসতে পারেন কলকাতা থেকে সামান্য দূরের একটি জায়গায়।
আরও পড়ুন: ঠিক যেন স্পেন! কলকাতার কাছের এই ঠিকানায় পাবেন বিদেশ ভ্রমণের অনুভূতি
আজকের গন্তব্য কৈখালী। কলকাতার কাছের জেলা দক্ষিণ ২৪ পরগনায় মাতলা ও নিমানিয়ার সঙ্গমস্থলে অবস্থিত এই জায়গাটি। নিমানিয়া শান্ত নদী, ঢেউ নেই তাই পাড় ভাঙার সম্ভাবনাও কম। এই নদী মিশেছে মাতলায়। অন্যদিকে মাতলা নদী সরাসরি সাগরে মিশেছে তাই এর বিস্তার অনেকটাই। পর্যটকদের সুবিধার জন্য এখানে নদী পাড়ে ইট দিয়ে বাঁধানো হয়েছে। দুই নদীর সঙ্গম এলাকা পর্যটকদের মন ভরিয়ে দেবে। এছাড়াও এখানে অন্যতম আকর্ষণ ম্যানগ্রোভ। পাশাপাশি এই এলাকা থেকে সামান্য দূরেই রয়েছে সাগরদ্বীপ।

এখানে এলে নিমপীঠ রামকৃষ্ণ মিশন পরিচালিত কৈখালী পর্যটন আবাসে থাকতে পারেন। তবে আগে থেকে যোগাযোগের মাধ্যমে বুকিং করে নেওয়া ভালো। এছাড়াও রাত্রিবাসের জন্য ফার্ম স্টে রয়েছে। যারা পুরী দীঘা বাদ দিয়ে নতুন কোনও জায়গায় যেতে চান তারা একবার এখানে ঘুরে আসতে পারেন।

কীভাবে যাবেন?
শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরে জয়নগর মজিলপুর নামতে হবে। সেখান থেকে ট্রেকার, অটো অথবা ভ্যান ধরে জামতলা হাট হয়ে কৈখালী পৌঁছে যাবেন। সড়কপথে গড়িয়া-বারুইপুর-জয়নগর, মজিলপুর-নিমপীঠ হয়ে গন্তব্যে পৌঁছে যেতে পারেন।
দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই জায়গায় ঘুরে আসুন, খরচ নামমাত্র




