নজরবন্দি ব্যুরো: রবিবার ছুটির দিন হলেও আজ শহরের রাস্তায় ব্যস্ততা চোখে পড়বে। প্রথমত টেট, দ্বিতীয়ত কলকাতা ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতাপাঠ। জোড়া কারণে ছুটির দিনেও ব্যস্ত শহর। পরিবহন দফতর ইতিমধ্যেই যানবাহনের পরিষেবা বাড়িয়েছে। এবার রাস্তায় বেরিয়ে আমজনতাকে যাতে সমস্যায় পড়তে না হয় সেকথা মাথায় রেখেই হেল্পলাইন নম্বর (Helpline for TET 2023) চালু করল পরিবহণ দফতর।



আরও পড়ুন: কলকাতায় ২৭ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ! শীতের ইনিংসে ইতি? বছরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
পরিবহন দফতর জানিয়েছে, টেট পরীক্ষার্থীদের জন্য কলকাতায় বিশেষ কন্ট্রোল (Control Room) রুম খোলা হয়েছে। তাদের কোনও সমস্যা হলে হেল্পলাইন নম্বরে (Helpline Number) ফোন করতে পারেন। হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৩-২৪৭৫১৬২১, ১৮০০৩৪৫৫১৯২। রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত হেল্পলাইন নম্বর চালু থাকবে। সাতজন আধিকারিকের একটি দল রাখা হয়েছে। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য আজ স্পেশাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা দেওয়া হবে।

রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় মেট্রো (Metro Service) কম চলে। কিন্তু আজ টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রায় ১০০ টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। রবিবার যেখানে ১৩০ টি মেট্রো চলে সেখানে আজ চলবে ২৩৪ টি মেট্রো। সকাল ৬ টা ৫০ মিনিট থেকেই পরিষেবা শুরু হয়েছে। অন্যান্য রবিবারগুলিতে প্রথম মেট্রো চলে সকাল ৯ টায়।


ছুটির দিনে টেট-গীতাপাঠের জোড়া ব্যস্ততা, বিশেষ ব্যবস্থা নিল পরিবহন দফতর

সপ্তাহের শেষ দিনে হাওড়া ও শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকলেও পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে স্পেশ্যাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছে। সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলিতে যে পরিমাণ বাস চলে তার ৮০ শতাংশ বাস আজ সকাল ৯ টার পর থেকে চালানো হবে বলে জানানো হয়েছে।







