লোকসভা নির্বাচনের আগে বাংলায় ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে নানা জল্পনা চলছে। শাসক দল তৃণমূল ‘বিরোধী’ কংগ্রেসকে কটি আসন ছাড়বে তা নিয়েও বিস্তর প্রশ্ন উঠছে। এই আবহে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ৪২ টি আসনেই প্রার্থী দিতে পারে তৃণমূল (TMC may contest in 42 seat)। অর্থাৎ কংগ্রেসকে একটি আসনও ছাড়তে নারাজ তৃণমূল।

আরও পড়ুন: দুই বিচারপতি মামলায় সুপ্রিম কোর্ট ফেরাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলার সংগঠনের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন তিনি। সূত্রে খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেছেন, ‘ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল তৃণমূল (TMC)। সেখানে আমাদের গুরুত্ব না দিয়ে বাংলায় আরএসপি-সিপিআইকে এত প্রাধান্য দেওয়া হলে আমরা আমাদের মত ভাবব। সেক্ষেত্রে ৪২ আসনেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।’ আজকের বৈঠকের শুরু থেকেই নজরে ছিল লোকসভা নির্বাচনের মুর্শিদাবাদ জেলার স্ট্র্যাটেজি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, দেশজুড়ে ‘ইন্ডিয়া’ (INDIA Bloc) লড়বে। বাংলায় তৃণমূল একা লড়বে। তাঁর দাবি, বাংলায় তৃণমূল ছাড়া অন্য কোনও দল বিজেপিকে হারাতে পারবে না। শোনা গিয়েছিল, বাংলায় তৃণমূল কংগ্রেসকে ২ টি আসন ছাড়বে। অধীর চৌধুরী এনিয়ে কড়া সুরে প্রতিক্রিয়া দিয়েছিলেন, তৃণমূলের থেকে ২ আসনের ভিক্ষা চাই না কংগ্রেসের।
২৪-এও লক্ষ্য ৪২! বাংলায় সব আসনেই প্রার্থী দেওয়ার ইঙ্গিত মমতার

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ওয়ান বাই ওয়ান ফর্মুলা অনুযায়ী, বাংলার সবচেয়ে শক্তিশালী দল তৃণমূল, তাদেরই গুরুত্ব দিতে হবে। অন্যদিকে, কংগ্রেস আরও বেশি আসন চেয়েছে বলে খবর। তাই জোট সমীকরণ চূড়ান্ত হওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।



