ভোট পরবর্তী সমীক্ষার ফলাফল প্রকাশের পরেই রাজ্য-রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে। ওই সব সমীক্ষায় কোথাও তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির। কোথাও আবার বলা হয়েছে লড়াই সমানে-সমানে। তা দেখে উল্লসিত পদ্ম শিবির। হতাশ তৃণমূলের কর্মীরা। আর এবার তাঁদের চাঙ্গা করতে মাঠে নামলেন ঘাটালের প্রার্থী দেব।
আরও পড়ুনঃ ভোট মিটতেই ফের বাড়ল দুধের দাম, আজ থেকেই দিতে হবে বর্ধিত মূল্য

দলের গ্রুপে বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘আরে আমরাই জিতছি। সর্বনিম্ন ২৬টি আসন পাবে তৃণমূল। সর্বাধিক ২৯ থেকে ৩০’। তৃণমূলের ঘাটাল লোকসভা নির্বাচন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটে এমনই আশাবাদী মন্তব্য করেছেন তারকা প্রার্থী দেব।

আর তার পরেই চাঙ্গা হতে থাকেন তৃণমূল কর্মীরা। তাঁদের কথায়, আসলে দাদাই একমাত্র সেলিব্রিটি যিনি গোটা রাজ্যে সমস্ত লোকসভা আসনে প্রচারে গিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে দিঘা সব জায়গায় তিনি প্রচারে গিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দাদার দাবি তিনি তো জিতছেনই, রাজ্যে তৃণমূলই সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে।
রাজ্যে কটি আসন পাবে তৃণমূল? জানিয়ে দিলেন দেব, মনোবল ফিরে পেলেন কর্মীরা

অপর দিকে বিজেপি সূত্রের দাবি, দলের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘাটাল লোকসভা কেন্দ্রের ফল তাদের পক্ষে না যাওয়ার সম্ভাবনা বেশি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের পরে ঘাটাল কেন্দ্র নিয়ে যা মন্তব্য করেছিলেন, তা থেকেও গেরুয়া শিবির মনে করছে, ঘাটাল কেন্দ্রে জয়ের ব্যাপারে কিছুটা হলেও এগিয়ে রয়েছে তৃণমূল।



