ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে সংঘাত আরও তীব্র হল। প্রস্তুতি ও সমন্বয়ের ঘাটতির অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিল তৃণমূল কংগ্রেস। গঙ্গাসাগর থেকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আইনের পথেই লড়াই হবে—প্রয়োজনে তিনি নিজেই আদালতে মানুষের হয়ে প্লিড করবেন।
রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে চিঠি পাঠিয়ে এসআইআর প্রক্রিয়ার একাধিক ত্রুটি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়া এই প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে। কমিশনের কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ওই চিঠিতে।


এর পরই গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে। আইনের পথেই যাব। প্রয়োজনে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব।” একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, তিনি নিজে একজন আইনজীবী—এবং জনগণের অধিকার রক্ষায় আইনি লড়াইয়ে পিছপা হবেন না।
রাজ্য শাসকদলের শীর্ষ নেতৃত্বের এই বক্তব্যে স্পষ্ট, এসআইআর নিয়ে প্রশাসনিক আপত্তি আর কেবল চিঠি-চালাচালিতে সীমাবদ্ধ থাকছে না। আইনি ময়দানে বিষয়টি টেনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। দলীয় সূত্রে ইঙ্গিত, নির্বাচন কমিশনের জবাব সন্তোষজনক না হলে শীর্ষ আদালতেই আবেদন জানানো হবে।
অন্যদিকে, কমিশনের পক্ষ থেকে এখনও এই নতুন হুঁশিয়ারি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে রাজনৈতিক মহলের মতে, এসআইআর ইস্যুতে কেন্দ্র–রাজ্য টানাপড়েনের এই অধ্যায় আদালতে গড়ালে আগামী দিনে নির্বাচন সংক্রান্ত বিতর্ক আরও তীব্র হতে পারে।









