নজরবন্দি, বালুরঘাটঃ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। সকালে বালুরঘাটের ৮ নন্বর ওয়ার্ডের মঙ্গলপুর যোগোমায়া স্কুলপাড়া এলাকার এমন ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ ও এলাকার তৃণমূল কাউন্সিলর।
আরও পড়ুনঃ যোগীর শিরচ্ছেদ করলে ২ কোটি পুরষ্কার! ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ


যাদের উপস্থিতিতেই ওই তৃণমূল নেতার বাড়িতে তালা ঝুলিয়ে দেন স্থানীয়রা। জানা গিয়েছে, ২০১৭ সালে প্রাইমারির চাকরি দেবার নাম করে বালুরঘাট ব্লকের নুনইল এলাকার বাসিন্দা পেশায় কৃষক নকুল মন্ডলের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেন বিপ্লব মন্ডল নামে এক তৃণমূল নেতা। চককাশি এলাকার বাসিন্দা পেশায় এল আইসির এজেন্ট বিপ্লব বাবু বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।

বর্তমানে বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের যোগমায়া স্কুলপাড়া এলাকায় আরো একটি বাড়ি করেছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। যার বিরুদ্ধেই প্রাথমিকে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ তুলে নুনইলের বাসিন্দা নকুল মন্ডল ও তার পরিবার বালুরঘাটে ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। চলে তৃণমূল নেতার শিক্ষিকা স্ত্রীর সাথে বচসাও।



যে ঘটনাকে ঘিরে উত্তেজিত হয়ে ওঠে এলাকা। প্রতারিতদের পাশে দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ জানায় এলাকার স্থানীয় বাসিন্দারাও। তৃণমূল নেতা বিপ্লব মন্ডলকে খুজতে একসময় বাড়ির ভেতরে ঢুকে পড়ে তল্লাশিও চালায় একদল মহিলা। যে খবর পেয়েই এলাকায় ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ ও এলাকার তৃণমূল কাউন্সিলর সুরজিত সাহা। যাদের উপস্থিতিতেই অভিযুক্ত ওই তৃণমূল নেতার বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন বাসিন্দারা।

বের করে দেওয়া হয় বৃদ্ধ মা কে, জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেতার শিক্ষিকা স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। যদিও বেশকিছুদিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা বিপ্লব মন্ডল। কৃষক নকুল মন্ডল ও তার মেয়ে ঋতু মন্ডল বলেন, ছয় বছর হয়ে গেল জমি বিক্রি করে মেয়ের প্রাইমারির চাকরির জন্য সাড়ে চার লক্ষ টাকা দিয়েছেন।

স্ট্যাম্প পেপারে তার লিখিতও রয়েছে। মাসের পর মাস বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়েই চলেছেন। গরীব মানুষ তারা, তাদের কষ্টের টাকা ফেরত দিয়ে দেওয়া হোক সেটাই চাইছেন। এলাকার বাসিন্দা সম্রাট মহন্ত বলেন, পাড়ার মধ্যে রোজ এসব ঝামেলা তারা বরদাস্ত করবেন না।
চাকরির নাম করে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, বাড়িতে তালা ঝোলালো স্থানীয়রা।
ওই পরিবারটিকে তারা সামাজিক বয়কট করবেন। তৃণমূল কাউন্সিলর সুরজিত সাহা বলেন, চাকরির নাম করে টাকা নিয়েছে এক ব্যক্তি সেই খবর শুনে এলাকায় এসে ঘটনার সত্যতা যাচাই করেছেন। পুলিশ এসে ঘটনার তদন্ত করছে। তবে তালা মারা হয়েছে কিনা সেবিষয়ে কিছু বলতে চাননি।







