ভূপতিনগর কাণ্ডে এনআইএ-বিজেপি যোগসাজশের অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে রওনা দিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। এই দলে রয়েছেন, ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, অধীররঞ্জন বিশ্বাস এবং সুদীপ রাহা। রবিবারই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: শান্তনুর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ মমতাবালার, ধুন্ধুমার কাণ্ড মতুয়া ঠাকুরবাড়িতে
ভূপতিনগরে এনআইএ হানা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, ভূপতিনগরে হানা দেবার আগে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেছেন জিতেন্দ্র তিওয়ারি! এমনকি তাঁকে সাদা প্যাকেটে টাকা নিতেও দেখা গিয়েছে বলে অভিযোগ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিজেপি এই বিষয়ে জবাবদিহি না করলে প্রমাণ ফাঁস করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ।

এদিন দিল্লি যাবার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে দোলা সেন বলেন, “আমাদের কাছে প্রমাণ আছে। এনআইএ অফিসারদের সঙ্গে বিজেপির নেতাদের যোগাযোগ রয়েছে। বিরোধী দলগুলি যাতে নির্বাচনে কোনও প্রভাব না ফেলতে পারে সেই কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। আমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাব।”

BJP-NIA যোগসাজশ, অভিযোগ জানাতে দিল্লিতে নির্বাচন কমিশনের পথে তৃণমূল
প্রসঙ্গত, ২০২২ সালে ভূপতিনগরের নাড়ুয়াবিলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই মামলার তদন্তভার ২০২৩ সালে আসে এনআইএ-এর হাতে। শনিবার ভূপতিনগরে তদন্তে যান এনআইএ গোয়েন্দারা। গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় এনআইএ-কে। সেক্ষেত্রে, বিজেপির তরফে অভিযোগ, তৃণমূল আশ্রিত গুণ্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দাদের দিকে।



