নজরবন্দি ব্যুরোঃ শনিবার থেকে দফায় দফায় উত্তপ্ত নাগাল্যান্ডের মন জেলা। নাগাল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬, আহত বহু। বন্ধ ইন্টারনেট পরিষেবা। মন জেলা জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা৷ মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূলের পাঁচ জনের প্রতিনিধি দল। সংসদে এর আলোচনায় সরব হয়েছেন বিরোধীরা।
আরও পড়ুনঃ Exclusive: বেসরকারিকরণের অর্থ পিছিয়ে যাওয়া, বিল প্রস্তাবের আগে বিস্ফোরক বিকাশরঞ্জন


তৃণমূল সূত্রে খবর, সোমবারেই নাগাল্যান্ডের মন জেলার উদ্দেশ্যে রওনা দেবে ৫ জনের প্রতিনিধি দল। রয়েছেন, প্রসুণ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দার, শান্তনু সেন এবং তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব৷
উল্লেখ্য, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাগাল্যান্ড-মায়ানমার সীমান্তে অভিযান চালায় ভারতীয় সেনা। সেই সময়েই পিক আপ ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন কয়লা খনির কর্মচারীরা৷ ওটিং গ্রামের কাছে গাড়ি আসতেই জঙ্গি সন্দেহে গুলি চালায় সেনা জওয়ান৷ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। আহত ২ জন।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। সেনা জওয়ানদের দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়৷ এক কম্যান্ডোকে ঘিরে ফেললে তার গুলিতে মৃত্যু হয় কয়েকজনের৷ পরে তাঁকে কুপিয়ে হত্যা করে গ্রামবাসীরা। অনেকেই মন, ডিমাপুর হাসপাতালে চিকিৎসাধীন।


রবিবার বিকেলে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালানো হয়। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বেশ কিছু শিবিরের আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে মৌন প্রতিবাদ দেখানো হয়। ঘটনার পর বাতিল হয়েছে হর্নবিল উৎসব৷ ওটিং গ্রামে ভুল করে সাধারণ মানুষকে হত্যা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নেফিউ রিও। সিট গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি৷ একই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
নাগাল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬, সংসদে আলোচনা চাইল কংগ্রেস-তৃণমূল

রবিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবীতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সোমবার নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। সংসদে এবিষয়ে আলোচনা চেয়ে চিঠি দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। একইসঙ্গে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে জানিয়েছেন, আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী এবিষয়ে সংসদের দুই কক্ষেই বক্তব্য রাখুক।







