বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ, অসম ও মেঘালয়ে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার হলও তাই। তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন তুরা থেকে ঘাসফুল প্রার্থী জেনিথ সাংমা। অর্থাৎ, মেঘালয়েও ‘ইন্ডিয়া’ জোটে নেই তৃণমূল।
আরও পড়ুন: মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই, ভোটের মুখে ‘বায়না’ কমছেই না অর্জুনের!
মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি মুকুল সাংমার ভাই হলেন জেনিথ সাংমা। মুকুল সাংমা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। যে কেন্দ্রে জেনিথকে প্রার্থী করা হয়েছে, সেই অঞ্চলেরই সংসাক বিধানসভার তিন বারের বিধায়ক তিনি। হয়েছেন উত্তর-পূর্বের এই রাজ্যের মন্ত্রীও। ফলে, এলাকায় তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। হাতের তালুর মতো চেনেন তুরাকে।

প্রসঙ্গত, মেঘালয়ের বিধানসভা নির্বাচনে খুব খারাপ ফল হয়নি। কংগ্রেসের সমসংখ্যক ৫টি আসন জেতে ঘাসফুল শিবির। ফলে, লোকসভা নির্বাচনেও মেঘালয়কে পাখির চোখ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশেও দু’টি আসনে প্রার্থী দেবে তৃণমূল। তবে, এখনও নাম ঘোষণা করা হয়নি।

লোকসভায় মেঘালয়ে প্রার্থী দিল তৃণমূল, টিকিট পেলেন কে?
মেঘালয়ে যদিও মাত্র দুটি লোকসভা আসন- শিলং এবং তুরা। সেক্ষেত্রে একটি আসনেই প্রার্থী দিল তৃণমূল। এর আগে মেঘালয় থেকে কোনও সাংসদ পায়নি তৃণমূল। এবার কি জেনিথ পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসি ফোটাতে? নজর রয়েছে রাজনৈতিক মহলের।




