নজরবন্দি ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: বোর্ড গঠন নিয়ে বিবাদ চরমে। বুধবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি মণ্ডল সভাপতি গণেশ সরকারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে, যার জেরে তাঁর পা ভেঙেও যায়। আহত অবস্থায় তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিজেপি নেতার পায়ের অস্ত্রোপচার হয়।
আরও পড়ুন: মৎস্য দফতরেও বেআইনি নিয়োগ? চাঞ্চল্যকর তথ্য দিল CBI
জানা গিয়েছে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ২৭ টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৩টি, তৃণমূল জিতেছে ১৩টি এবং ১টি আসন পেয়েছে কংগ্রেস। এদিন বোর্ড গঠনের স্বার্থে সেখানে গোপন ব্যালটে ভোট চলছিল। অভিযোগ, তৃণমূলের সদস্যরা একাধিক ভোট দেওয়ায় বচসার সূত্রপাত হয়, এরপরই গণেশ সরকার নামে ওই বিজেপি কার্যকর্তার পায়ে ধারালো অস্ত্রের আঘাত করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

আহত বিজেপি নেতা গণেশ সরকারের বয়ানে, “আজ ভোট প্রক্রিয়া শুরু হবার পর তৃণমূলের লোক এক একজন তিনবার করে ভোট দিচ্ছিল। আমি আইসিকে অভিযোগ জানাই। এরপর তৃণমূলের লোকেরা আমাদের দলের কর্মীদের মারধর শুরু করে। নীচে এসে আমার পায়ে কোপ মারে। পুলিশের কোনও ভূমিকাই ছিল না”।
অন্যদিকে, বিজেপির জেলা সম্পাদক গৌতম রায় জানান, “বোর্ড গঠনে গোপন ভোট করায়, তৃণমূল একাধিক ভোট দিতে থাকে। অভিযোগ পেয়ে বিজেপির মন্ডল সভাপতি গণেশ সরকার প্রতিবাদ করতে গেলে তাঁকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়”। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।
বোর্ড গঠন নিয়ে বিবাদ, রামচন্দ্রপুরে বিজেপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযুক্ত তৃণমূল




