নজরবন্দি ব্যুরো: মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি কংগ্রেস কর্মীর দায়ের করা একটি মামলায় টিটাগড় থানার পুলিশকে জরিমানার নির্দেশ দেন বিচারপতি শম্পা সরকার। এই মামলায় বিচারপতি জানান, মিথ্যে মাদক মামলায় দোষী সাব্যস্ত হলে পুলিশকর্মীকেই জরিমানা দিতে হবে।

জানা গিয়েছে, মিথ্যে মামলায় টিটাগড় থানায় কর্তব্যরত একাধিক পুলিশকর্মীরা দোষী সাব্যস্ত হয়েছেন। যার ফলে নির্দিষ্ট কোনও ব্যক্তিকে জরিমানা করেনি আদালতের বিচারপতি। উল্টে বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই মামলায় পুলিশকর্মীদের মধ্যে যে বা যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের কেই দু’লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ বারাকপুর কমিশনারেটের কমিশনার গোটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। তদন্ত করে নিশ্চিত করতে হবে যে, কংগ্রেস কর্মীকে এই মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর পিছনে দায় কোন পুলিশকর্মীর? এরপরেই যে বা যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁরা ব্যক্তিগতভাবে এই জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, এই ঘটনার সুত্রপাত ২০২২ সালে। গত বছর অভিযোগ উঠে, ৯ মার্চ কংগ্রেস কর্মী, বিশাল শুক্লা নামে এক ব্যক্তিকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। এরপরের দিনই ওই কংগ্রেস কর্মীকে মাদক মামলায় গ্রেফতার করে পুলিশ। তারপরে তাঁর জামিনের আর্জি নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কংগ্রেস কর্মী বিশাল শুক্লা। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বিশালের জামিন মঞ্জুর করেন।
মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে জরিমানা দিতে হবে টিটাগড় থানার পুলিশকে, নির্দেশ বিচারপতির

এরপরে একাধিক অভিযোগ উঠে, যে বিরোধী দলের নেতাকর্মীদের ধরে মিথ্যা মামলায় ফাঁসানোর হচ্ছে। তারপরেই আজ মঙ্গলবার এই মামলায় নয়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। কংগ্রেস নেতাকে বেকসুর খালাস করে নতুন করে এই মামলায় তদন্ত শুরু করার নির্দেশ দেন।



