নজরবন্দি ব্যুরোঃ আমন্ত্রনই জানানো হয়নি, ফের কানহাইয়ার ভাষণে বঞ্চিত হবে লাখো জনতার ব্রিগেড? গতবছর বামেদের ব্রিগেড সভার মূল আকর্ষণ ছিলেন কানহাইয়া কুমার। বক্তার তালিকায় তাঁর নাম ছিল সবার ওপরে। কানহাইয়ার বক্তব্য শোনার জন্য লক্ষাধিক মানুষ ভিড় করেছিলেন ব্রিগেডের মাঠে। কিন্তু শেষ পর্যন্ত সভায় উপস্থিত হননি কানহাইয়া। জানানো হয়েছিল, ঘাড়ে চোট লাগার কারণে কলকাতায় আসতে পারছেন না তিনি। এই খবর ব্রিগেডের ভরা সভায় ঘোষিত হওার পরে হতাশ হয়ে পড়ে লাখো ছাত্র যুব।
আরও পড়ুনঃ বাড়ির বদলে মর্গে যাচ্ছেন মইদুল, কাল রাজ্য জুড়ে থানা ঘেরাও বামেদের।


গতবারের ব্রিগেডের ভরা মাঠে কানহাইয়ার ছবি, আর কানহাইয়ার নামে হাতে ধরে থাকা প্ল্যাকার্ড প্রমান দিচ্ছিল বাংলার যুবদের কাছেও কতটা জনপ্রিয় তিনি। আগামী ২৮শে ফেব্রুয়ারি ফের ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামেরা। সাথে সাথেই ছাত্র যুব থেকে আবাল বৃদ্ধ বণিতা ভাবতে শুরু করেছিলেন এবার ব্রিগেডের মাঠ কাঁপাবেন কানহাইয়া কুমার। কিন্তু সেটা কি বাস্তবায়িত হচ্ছে এই বছর?
সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। ১৬ ফেব্রুয়ারির পর নির্বাচনের দিন ঘোষণা হওয়ার কথা। নির্বাচনের মুখেই আগামী ২৮ ফেব্রুয়ারি বিগ্রেডে সভা করছে বাম-কংগ্রেস জোট। সূত্রের খবর, এ বছর জনসভায় থাকছেন না কানহাইয়া। কারণ তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই জানিয়েছেন কানহাইয়া কুমার। পশ্চিমবঙ্গ বামফ্রন্ট অথবা তাঁর নিজের দল সিপিআই এই বিষয়ে কিছুই জানায়নি তাঁকে।
জানা গেছে, মার্চের মাঝামাঝি পর্যন্ত তাঁর এই রাজ্যে আসার কোন খবর নেই এখনও। কানহাইয়ার সংবাদ মাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী একমাস তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে মহারাষ্ট্র এবং হায়দরাবাদে। সিপিআই নেতৃত্বরা জানিয়েছেন, সিপিআইএমের তরফে কানহাইয়াকে ব্রিগেড সভায় উপস্থিত থাকার বিষয়ে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি, তাই সিপিআই কেন্দ্রীয় নেতৃত্বরাও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।


আমন্ত্রনই জানানো হয়নি কানহাইয়া কুমার কে? আলিমুদ্দিন সূত্রে খবর, বিগ্রেড জনসভার চূড়ান্ত তালিকা তৈরি করতে আরও কিছুটা সময়ে লাগবে। তাই এখনই বলা সম্ভব নয় যে কানহাইয়া কুমার বিগ্রেডের সভায় থাকছেন কি না। ২৮ তারিখের জনসভা বক্তা তালিকায় কোন বড় চমক থাকতে পারে বলে মনে করছেন অনেকে।







