নজরবন্দি ব্যুরোঃ আর কয়েক মাস পর বিধানসভা ভোট। তাই রাজ্যের এই বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি যখন তৃণমূল দলে অবিরাম ভাঙন ধরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, রাজ্য সরকারের সমালোচনা করে জনমানসের রাজ্য বিরোধী ধ্যান ধারণা গড়ে তোলার অবিরাম প্রয়াস চালাচ্ছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ভোট প্রচারের মাস্টার স্ট্রোক হিসেবে “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্পের উদ্বোধন করে সারা রাজ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
আরও পড়ুনঃ নেতাজীর শ্রদ্ধার্ঘে একগুচ্ছ নতুন বাস চালু করল SBSTC


এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের ১২টি প্রকল্প সরাসরি রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু করে বর্তমান বছরের ১৮ই জানুয়ারি পর্যন্ত এই রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের আওতায় অন্তত ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার ৪২ জন মানুষ উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এমনই পরিসংখ্যান তুলে ধরলেন।
উল্লেখ্য, মমতা সরকারের দুই মাসব্যাপী দুয়ারে সরকার প্রকল্প আগামী ২৫শে জানুয়ারি শেষ হতে চলেছে। তার আগে এই পরিকল্পনা থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার আংশিক খতিয়ান তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রাজ্যের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের আওতায় রাজ্যবাসীকে সরকারি পরিষেবা প্রদান করতে রাজ্য জুড়ে এ পর্যন্ত মোট ২১ হাজার ৮৫৭টি শিবির খোলা হয়েছে। ২ কোটি ২৫ লক্ষ ৭৮ হাজার ১৯৫ জন মানুষ ইতিমধ্যেই সরকারি পরিষেবা পেতে নিজ নিজ শিবিরে নাম নথিভুক্ত করেছেন। এরমধ্যে ১ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ তাদের প্রয়োজনীয় পরিষেবা পেয়ে গিয়েছেন।”







