সৌরভকে দেওয়া হিডকোর জমি ফিরিয়ে নিতে রাজি রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিউ টাউনে স্কুল তৈরির জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া জমি ফিরিয়ে নিতে রাজি রাজ্য সরকার। অমিত শাহ ও রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সৌরভের আবেদনের প্রেক্ষিতে ওই জমি ফিরিয়ে নিতে প্রক্রিয়া শুরু করতে হিডকোকে নির্দেশ দেওয়া হয়েছে। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বুধবার বলেন,”মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

আরও পড়ুনঃ জন্মদিনে ব্যস্ত তৃণমূল, সুযোগ বুঝে জোড়া সভায় শুভেন্দু।

সৌরভের অনুরোধ মেনে তাঁর জমিটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁকে আমরা জমির দাম বাবদ প্রাপ্য টাকা দিয়ে জমি নিয়ে নেব।” সরকারি সূত্রে খবর, ২০১৩-র মে’তে সৌরভকে নিউটাউনের অ্যাকশন এরিয়া-ওয়ান অঞ্চলে একটি উচ্চমাধ্যমিক স্কুল গড়ার জন্য ২ একর জমি দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। জমির দাম ১১ কোটি টাকা হলেও সরকার অর্ধেক দামে প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে জমিটি দিতে সম্মত হয়।

সৌরভকে দেওয়া হিডকোর জমি ফিরিয়ে নিতে রাজি রাজ্য সরকার। কারণ, সৌরভ তাঁর স্কুলে গরিব বাচ্চাদের জন্য আসন সংখ্যার একাংশ সংরক্ষণ করার কথা জানিয়েছিলেন। সেই কারণেই গরিব মেধাবীদের ভাল স্কুলে পড়ার ব্যবস্থা করার শর্তেই রাজ্য মন্ত্রিসভা জমির দাম কমিয়েছিল বলে দাবি করেছিল সরকার। এর আগে ২০০৯ সালে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার সল্টলেকের সিএ ব্লকে সৌরভকে ৬৩ কাটা জমি দিয়েছিল। সেটিও স্কুল তৈরির জন্যই নেওয়া হয়েছিল। কিন্তু মামলা মোকদ্দমার জেরে সেই জমি সৌরভ ছেড়ে দিতে বাধ্য হন।

সল্টলেক বা নিউটাউনের জমি প্রাপ্তির মধ্যে কোনও আপাত সম্পর্ক না থাকলেও সরকারি কর্তাদের একাংশের ধারণা, সল্টলেকের জমিটি হাতে না পাওয়ার বিকল্প হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিউটাউনে তাঁকে জমির ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু গত সাত বছরে নিউটাউনে স্কুল গড়ার ব্যাপারে এগোতে পারেননি সৌরভ। তার মাঝেই ক্রিকেটারের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। গত অগস্টে সৌরভ হিডকোর কাছে নিউটাউনের জমিটি ফেরত দিতে চেয়ে আবেদন করেন। হিডকো ক্রিকেটারের প্রস্তাবটি নগরোন্নন দফতরে পাঠিয়ে দেন।

সেখান থেকে জমির মূল্যমান, কত টাকা ফেরত দেওয়া হবে ইত্যাদি ঠিক করার জন্য প্রস্তাবটি যায় অর্থ দফতরে। অর্থ দফতর ‘আর্থিক’ বিষয়গুলি দেখে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন নেওয়ার আগে নবান্নের শীর্ষস্তরে প্রস্তাবটি পাঠায়। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর হিডকো জমির দাম ইত্যাদি ঠিক করছে। সূত্রের খবর, গত সাত বছর সৌরভ জমিটিতে কোনও কাজ না করলেও ‘মূল’ দাম ফেরত দেওয়া হবে তাঁকে। নতুন বছরের শুরুতেই সেই প্রক্রিয়া শেষ হবে বলে জানাচ্ছেন হিডকোর কর্তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর