বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার-সহ তিন পুলিশকর্তা এবং রাজ্যের মুখ্যসচিবকে তলব করা হল লোকসভায়। আগামী সোমবার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি (প্রিভিলেজ কমিটি)-র মুখোমুখি হতে বলা হয়েছে তাঁদের। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠিও দেওয়া হয়েছে লোকসভার সচিবালয় থেকে।
চিঠিতে বলা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি, বসিরহাট পুলিশ জেলার সুপার এবং অতিরিক্ত সুপার যাতে স্বাধিকার রক্ষা কমিটির মুখোমুখি হন, তা নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে।


রাজ্যের মুুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাটের এসপি হুসেন মেহেদি রহমান এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করেছে সংসদীয় কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ওই তিন পুলিশকর্তাকে আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় অ্যানেক্স বিল্ডিংয়ের ২ নম্বর কমিটি রুমে হাজির থাকতে হবে।

সন্দেশখালিতে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদের উপর আক্রমণ হয়েছে এবং তাঁর প্রাণহানির চেষ্টা করা হয়েছে বলে জানিয়ে সুকান্তর ই-মেল থেকে লোকসভার সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানানো হয় রাজ্য পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশের পরিকল্পিত হামলার জেরে সংসদের প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার এ ব্যাপারেই রাজ্য পুলিশের শীর্ষ কর্তা এবং জেলার দুই পদস্থ আইপিএসকে তলব করল সংসদীয় কমিটি।
সুকান্তর উপর প্রাণঘাতী হামলা, গোপালিকা – রাজীব সহ তিন পুলিশকর্তাকে তলব দিল্লীতে।



উল্লেখ্য, কলকাতার অ্যাপেলো হাসপাতালে নিউরোলজি বিভাগে সুকান্তের চিকিৎসা চলছে বর্তমানে। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে এমআরআই করা হয়েছিল। তার আগে সিটি স্ক্যানও হয়েছিল তাঁর। চোটের কারণে মূলত কোমরে সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে সুকান্তের। চিকিৎসকেরা সব পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাঁকে তরল খাবার খেতে দেওয়া হচ্ছে। স্নায়ুর চিকিৎসা চলবে তাঁর। বৃহস্পতিবার সকালেও তন্দ্রাচ্ছন্ন ছিলেন সুকান্ত। সন্ধ্যায় তাঁকে আইসিইউ থেকে স্থানান্তরিত করা হয়।







