বিহারের রাজনীতিতে বিরাট পালা বদল। দেড় বছরের মধ্যেই জোট বদলে এনডিএ-তে ফিরে গিয়েছেন নীতীশ কুমার। রবিবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। তাঁর ‘ডিগবাজি’র কারণে গদিচ্যুত হয়েছেন আরজেডি দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব (Tejashwi Yadav), যিনি ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী। এবার তাঁর মুখেই শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী স্লোগান। কী বললেন লালুপুত্র?

আরও পড়ুন: সকালে ইস্তফা দিয়ে বিকেলে শপথ নীতিশ ও দুই উপমুখ্যমন্ত্রীর
নীতীশ কুমারের (Nitish Kumar) এনডিএ-তে যোগ দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন তেজস্বী যাদব। জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারকে গ্রহণ করার জন্য বিজেপিকে (BJP) ধন্যবাদ জানান তিনি। কটাক্ষের সুরে বলেন, ‘আমি বিজেপিকে শুভেচ্ছা জানাচ্ছি। নীতীশ কুমারকে গ্রহণ করার ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা আজ শপথ নিলেন। তবে বিহারে এখনও খেলা শেষ হয়নি, খেলা বাকি আছে।’

তেজস্বী যাদব এনডিএ জোটের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ‘পরিশ্রান্ত মুখ্যমন্ত্রী’ বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, ‘তাঁর (নীতীশ কুমার) কোনও লক্ষ্য নেই, একজন পরিশ্রান্ত মুখ্যমন্ত্রী। আমরা তাঁকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি।’ দেড় বছরের সরকারের পরিসংখ্যান দিয়ে লালু পুত্র বলেন, ‘পর্যটন, ক্রীড়া, আইটি-তে নতুন নীতি নিয়ে এসেছি। ১৭ বছরে এনডিএ জোট যে কাজ করতে পারেনি ১৭ মাসে মহাজোট সেই কাজ করেছে।’
গদি হারাতেই তেজস্বীর মুখে মমতার স্লোগান, ‘বিহারে খেলা বাকি আছে’

উল্লেখ্য, ২০২২ সালে এনডিএ (NDA) জোট ছেড়ে বিহারে মহাজোট গঠন করেন জেডি(ইউ) (JD(U)) প্রধান। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হন এবং উপমুখ্যমন্ত্রী হন তেজস্বী যাদব। রবিবার, ২৮ জানুয়ারি সকালে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেন নীতীশ কুমার। মহাজোটকে দুষেই সরকার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এরপর দুপুর হতেই তাঁকে এনডিএ নেতা হিসেবে ঘোষণা করা হয়। রবিবার বিকেলে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ কুমার।



