বাড়ির কাছে বদলি চাই! ‘২১ নির্বাচনের আগে কোমর বাঁধছেন শিক্ষক-শিক্ষিকারা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়ির কাছে বদলি চাই! ‘২১ নির্বাচনের আগে কোমর বাঁধছেন শিক্ষক-শিক্ষিকারা। আবেদনের ভিত্তিতে বাড়ির কাছে বদলি চাই- এটি শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি। অরাজনৈতিক শিক্ষক সংগঠন ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধারাবাহিক আন্দোলনে সমস্যার আংশিক সুরাহা হলেও সার্বিকভাবে এই দাবি পূরণ হয়নি। কিন্তু এই লড়াইটি একটি মাত্র শিক্ষক সংগঠনের গুটিকয়েক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের লড়াই নয়।

আরও পড়ুনঃ আট মাস বন্ধ স্কুল, শেষ হয়নি সিলেবাস, পিছতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।

এই লড়াই সার্বিকভাবে রাজ্যের সকল বদলি প্রার্থী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের লড়াই। আবেদনের ভিত্তিতে বাড়ির কাছে বদলির দাবিতে, গতকাল অর্থাৎ ১৭ই নভেম্বর একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সকল শিক্ষক সংগঠন কে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছে ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

সংগঠনের নেত্রী তথা সহ – সম্পাদিকা শ্রীমতি বিদিশা রায়ের কথায়, “বাড়ির কাছে বদলির দাবিটি একটি সার্বিক দাবি। রাজ্যের প্রতিটি শিক্ষক সংগঠনেই এমন বদলিপ্রার্থী শিক্ষক- শিক্ষিকা-শিক্ষাকর্মীরা রয়েছেন। একা পথ চলতে শুরু করে UTWA বদলির দাবিকে আজ অনেকটাই জোরালো করেছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। তবে ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীদের দ্রুত যন্ত্রণার অবসান ঘটাতে সঙ্ঘবদ্ধ লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

বাড়ির কাছে বদলি-র দাবিতে একযোগে আন্দোলন সব শিক্ষক সংগঠনের? এ প্রসঙ্গে সংগঠনের সম্পাদক সুশোভন মুখার্জী জানিয়েছেন, “আবেদনের ভিত্তিতে প্রতিবছর সাধারণ বদলি, সেকশন সমস্যার সরলীকরণ করে বেশি সংখ্যক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ দেওয়া, একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার -তিনজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার চালু করা ইত্যাদি বিভিন্ন দাবিতে আমাদের আন্দোলন চলছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই দাবি উঠেছে।

গতকাল ফেসবুক লাইভ এর মাধ্যমে আমরা রাজ্যের সকল শিক্ষক সংগঠনের কাছে একটি খোলা আহ্বান রেখেছি সম দাবিতে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের। অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে আমরা তাদের কাছে এই আবেদন জানাবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের সাথে আমাদের কথা হয়েছে। বাকিদের সাথেও আমরা কথা বলবো। আমরা তাদের মতামতের অপেক্ষায় রয়েছি। আশা রাখি ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যন্ত্রণার দ্রুত অবসানের লক্ষ্যে তারা সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বানে সাড়া দেবেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত