বাংলাদেশের জনতা-পড়ুয়া অভ্যুত্থানে দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা। আপাতত কোন দেশে আশ্রয় না পেয়ে তাঁর ঠিকানা হয়েছে ভারত। হাসিনা বিদায়ের পরও বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। এখনও চলছে ক্ষোভ বিক্ষোভ, দুর্বলের প্রতি সবলের অত্যাচার। শেখ হাসিনা বিদায়ে ব্যাপক খুশি লেখিকা তসলিমা নাসরিন আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশ অর্থাৎ বাংলাদেশ যেন পাকিস্তানের পদ্ধতিতে না চলে তা নিয়ে। আর এবার তিনি তীব্র শ্লেষ উগরে দিলেন বাংলাদেশের পড়ুয়াদের উদ্দেশ্যে।
আজ ভারতীয় সময়, ১৩ই অগাস্ট ২০২৪, রাত ১২টা ০৩ নাগাত ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। সেখানে তিনি লিখেছেন, “বাংলাদেশের ছাত্র ছাত্রীরা যদি রাস্তার ময়লা সাফ করায় আর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে, তাহলে পড়াশোনা করবে কখন? হয়তো তাদের মেধা এত বেশি যে খুব বেশি পড়াশোনার দরকার হয় না। তাহলে রাস্তার ময়লা সাফ করার দায়িত্ব ঝাড়ুদারদের হাতে দিয়ে ভাঙ্গা ভাষ্কর্যগুলো জোড়া লাগাতেই পারে।”
উল্লেখ্য, দেশ কবে সত্যিকারের স্বাধীন হবে, সে বিষয়েও বলেছেন তিনি। সোমবার (১২ আগস্ট) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে সে কথা লিখেছেন তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘যে যত কথাই বলুক না কেন, দেশ স্বাধীন ব্লা ব্লা। দেশ আসলে স্বাধীন নয়। দেশ তখনই সত্যিকার স্বাধীন হবে, যখন তসলিমা নাসরিন দেশে ফিরতে পারবে, এবং কোনো রকম পুলিশ প্রোটেকশান ছাড়াই নিজ দেশে নিরাপদে নির্বিঘ্নে বাস করতে পারবে।’



