বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকায় বড় রাজনৈতিক বার্তা দিল বামফ্রন্ট। নদিয়ার কালীগঞ্জ কেন্দ্র থেকে বোমাবাজিতে নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে সিপিআইএম। মেয়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সুবিচারের দাবিতে লড়াই চালিয়ে যাওয়া এই মায়ের রাজনৈতিক ময়দানে নামা ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছিল তামান্নার। সেই ঘটনার পর থেকেই ন্যায়বিচারের দাবিতে সরব হন তাঁর মা সাবিনা ইয়াসমিন। প্রশাসনের কাছে বারবার সুবিচারের দাবি জানিয়েছেন তিনি। এমনকি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন।


এই পরিস্থিতিতেই বামেদের প্রার্থী তালিকায় তাঁর নাম উঠে আসা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাম নেতৃত্বের দাবি, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবেই সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করা হয়েছে।
বাম শিবিরের মতে, কালীগঞ্জের সেই ঘটনার পর যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছিল, তারই প্রতিফলন ঘটাতে চাইছে তারা নির্বাচনের ময়দানে। সেই কারণেই সাধারণ এক প্রতিবাদী মাকে সরাসরি ভোটের লড়াইয়ে নামানো হয়েছে।
এদিকে সাবিনা ইয়াসমিনের প্রার্থিতা ঘিরে ইতিমধ্যেই জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু একটি কেন্দ্রের নির্বাচনী সমীকরণই বদলাতে পারে না, বরং রাজ্যের নির্বাচনী প্রচারের ভাষাও আরও তীব্র করে তুলতে পারে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



